ছবি সংগৃহীত
আলো ডেস্ক
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় বাহারছড়া এলাকায় দুই কৃষককে অপহরণ করেছে পাহাড়ি ডাকাত দল। গতকাল শুক্রবার (৮ মার্চ) সকালে টেকনাফের বাহারছড়া ইউপির ৬নং ওয়ার্ড জাহজপুরা পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সকালে পানের বরজে কাজ করতে গিয়ে তারা আর ফিরে আসেননি বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
অপহৃতরা হলেন-উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা মৃত উলা মিয়ার ছেলে আলী আহমদ (৬০) ও আমির হোসাইনের ছেলে ছৈয়দ আলম (৪০)।
এ বিষয়ে জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা (ইনচার্জ) ইন্সপেক্টর মছিউর রহমান বলেন, ঘটনাটি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। এলাকার মানুষ নিয়ে আমরা পাহাড়ে ঢুকব। তবে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।
