ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি বাস স্টপের কাছে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে ৮ জন আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলে একটি বাস স্টপের কাছে শিক্ষার্থীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, ১৫ থেকে ১৭ বছর বয়সী আট শিক্ষার্থী ওই বাস স্টপে অপেক্ষা করার সময় একটি গাড়ি থেকে তিন ব্যক্তি নেমে অন্তত ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীরা আহত হয় এবং দুটি বাসে গুলি লাগে।
এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং হামলার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এর আগে, স্থানীয় সময় গত রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কিং সিটিতে একটি আবাসিক ভবনের সামনে পার্টি চলাকালে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই পার্টি চলাকালে হঠাৎই গাড়িতে করে অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গুলি ছোড়া শুরু করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন পুরুষ নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
