রাজশাহীতে প্রাক বাজেট আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
২০২৪-২৫ অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্য নিয়ে রাজশাহীতে ব্যবসায়ীদের সাথে প্রাক বাজেট এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে রাজশাহী বিভাগের সকল জেলার চেম্বার নেতৃবৃন্দ এই আলোচনায় অংশ নেন।
গতকাল সকাল ১১ টায় চেম্বার ভবনের সভা কক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব, আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, অভ্যন্তরীন সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার সভাপতি মাসুদুর রহমান রিংকু।
সভায় লিখিত বিভিন্ন বাজেট প্রস্তাবনা তুলে ধরেন এই অঞ্চলের ব্যবসায়ীরা। রাজশাহী চেম্বার সভাপতি তার বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ বন্দর দিয়ে যে পণ্য আনা নেওয়া করা হয় তা যদি নতুন নৌ বন্দর গোদাগাড়ী-মুর্শিদাবাদের মায়া নৌ বন্দর দিয়ে করা হয় তাহলে ব্যবসায়ীদের আমদানি খরচ কম হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের চলতি মাস পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৭ লাখ , আশা করা যায় আগামী জুন নাগাদ তা ৪০ লাখে পৌঁছাবে, গত ২০২০ সালে এই সংখ্যা ছিল ২১ লাখ।
৪ বছরে রিটার্ন দাখিলকারীর সংখ্যা দ্বিগুণ করা হয়েছে এবং তা আরো বাড়বে। তিনি আরো জানান, TIN সংখ্যা ১ কোটি অতিক্রম করেছে। এই অঞ্চলের ব্যবসায়ীদের সকল প্রস্তাবনা ও সম্ভাবনা নিয়ে বাজেট প‚র্ববর্তী আলোচনা করা হবে বলেও জানান তিনি।
বিকেলে নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।
