ছবি সংগৃহীত
আলো ডেস্ক
কোনো বিশেষ দলকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
তিনি বলেন, আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাবো। জনগণের ডিমান্ড বিবেচনা করে রাজনীতি করবো। আমরা গণমানুষের স্বার্থ বিবেচনা করে কর্মসূচি ঘোষণা করবো।
বুধবার (৬ মার্চ) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগেই সব জেলা ও উপজেলার কাউন্সিল সম্পন্ন করতে হবে। জাতীয় পার্টির বর্ধিত সভা, ইফতার মাহফিল এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশ করা হবে।
প্রেসিডিয়াম সভা শেষে গণমাধ্যম কর্মীদের জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেন, আগামী এপ্রিল মাসের মধ্যে কেন্দ্রীয় বর্ধিতসভা অনুষ্ঠিত হবে। সব জেলা-উপজেলার নেতারা উপস্থিত থাকবেন ওই সভায়। সেখানে জাতীয় পার্টির সার্বিক রাজনীতি নিয়ে আলোচনা হবে। আগামী আগস্টের মধ্যে ৩ থেকে ৫ সদস্যের ছোট ছোট কমিটি করে জেলায় জেলায় পাঠানো হবে। তারা দলের সাংগঠনিক শক্তি পর্যালোচনা করে কেন্দ্রে একটি রিপোর্ট দেবে। আগামী আগস্টের মধ্যেই সব জেলার সম্মেলন শেষ করা হবে।
সভার শুরুতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমানসহ প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো- চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।
