ছবি সংগৃহীত
আলো ডেস্ক
শেরপুরের শ্রীবরদীতে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী বিপ্লব (১৬) হত্যার মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। এর আগে ঢাকার উত্তরখান এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমীন শ্রীবরদী উপজেলার রহিম মন্ডলের ছেলে।
র্যাব-১৪ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী জানান, নিহত এসএসসি পরীক্ষার্থী বিপ্লব পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়ার কাবিল মিয়ার ছেলে। সে শ্রীবরদীর দহের পাড়ের নানা হাজি আব্দুল মজিদের বাড়িতে থেকে স্থানীয় মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে লেখা পড়া করে আসছিল।
তিনি আরও জানান, গত ২৫ ফেব্রুয়ারি রাতে নিজ মামদামারি কান্দাপাড়া ইবতেদায়ী মাদ্রাসায় ওয়াজ শুনতে যায় বিপ্লব। এখানেই পার্শ্ববর্তী চরশিমুলচুরার মোশাররফ হোসেন নুদার ছেলে ও স্থানীয় কিশোরগ্যাংয়ের আরিফ হোসেন ও আল–আমীনের সঙ্গে বিপ্লবের কথা–কাটাকাটি হয়। পরে ওয়াজ শুনে নানার বাড়ি আসার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবের ওপর হামলা চালায়। এ সময় তারা বিপ্লবকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর নিহত বিপ্লবের বাবা কাবিল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাস্থলে জনতার হাতে আটক আসামি আরিফ (২১) আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার জবানবন্দিতে আল–আমিনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪ এবং র্যাব-১ ঢাকার যৌথ অভিযানে ডিএমপি ঢাকার উত্তরখানের হেলাল মার্কেট এলাকা থেকে আল–আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে শ্রীবরদী থানায় তাকে হস্তান্তর করা হয়।
