ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ফরিদপুরে মাটির নিচে বিশেষ কৌশলে লুকায়িত প্রায় ১১ লক্ষ টাকা মূল্যের ৩৬ কেজি গাঁজাসহ মো. রেজাউল মাতব্বর (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১২টায় গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য নিশ্চিত করে। এর আগে সোমবার ফরিদপুর জেলার ভাংগা থানাধীন নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রেজাউল মাতব্বর ফরিদপুর জেলার ভাংগা থানাধীন গজারিয়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, সোমবার আনুমানিক রাত ৯টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাছিরাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কায়দায় জমির মধ্যে লুকায়িত অবস্থায় রক্ষিত খাকি বর্ণের স্কচটেপ দ্বারা মোড়ানো আনুমানিক দশ লক্ষ আশি হাজার টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী রেজাউল মাতব্বরকে গ্রেপ্তার করে।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার রেজাউল একজন পেশাদার মাদকব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। আইনশৃঙ্খলা বাহিনীকে ধোকা দিতে সে মাটিতে মাদক পুতে রাখাসহ নিত্য নতুন কৌশল অবলম্বন করতো।
র্যাব ১০ ফরিদপুর সিপিসি-৩ এর লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, গ্রেপ্তার রেজাউলের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
