রুয়েট কেন্দ্রে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
স্টাফ রিপোর্টার
রুয়েট, কুয়েট ও চুয়েট এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ মার্চ) রুয়েট কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় রুয়েটের বিভিন্ন ভবনে “ক” গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২:৩০ টায়। এছাড়া “খ” গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১.৪৫ টায়। এবারের ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে অংশগ্রহণের জন্য ৭ হাজার ৬২২ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় ৭৯.৩২ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।
রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রুয়েটের পুরকৌশল অনুষদের ডীন ও লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, পর্যবেক্ষক ছিলেন কুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. এ আর এম জালাল উদ্দিন জামালী, চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার স‚ত্রধর সহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার বাহিনী,বিভিন্ন সেবা সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিয়োজিত ছিলো।
সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল ম‚খরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি।
ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
