স্পোর্টস ডেস্ক
ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি খেললো স্বপ্নের এক ম্যাচ । সাবেক বার্সেলোনা তারকাদের জাদুতে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে পিষ্ঠ করেছে মায়ামি। বার্সেলোনার হয়ে মাঠ মাতানো দুই ফরওয়ার্ড লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ জুটির ঝলকে আরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।
শনিবার (২ মার্চ) রাতে চ্যাজ স্টেডিয়ামে জোড়া গোল করলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। আর অন্য গোলটি এসেছে রবার্ট টেলরের পা থেকে।
ম্যাচের ৪ মিনিটেই টুর্নামেন্টে নিজের প্রথম গোল আদায় করে নেন সুয়ারেজ। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। এরপর নিজের দ্বিতীয় গোলটি আসে ১১ মিনিটে। ম্যাচের ২৯ মিনিটে টেলরের গোলে ব্যবধান হয় ৩-০।
এ দিকে প্রথমার্ধে সুয়ারেজের তাণ্ডব চললেও দ্বিতীয়ার্ধে সরব হন মেসি। ম্যাচের ৫৭ ও ৬২ মিনিটে গোল করেন আর্জেন্টাইন তারকা। তার দ্বিতীয় গোলে সুয়ারেজ অ্যাসিস্ট করেন।
এই জয় দিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মায়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। আগের মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিলো অরল্যান্ডো। এবারও শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিলো তাদের। কিন্তু শক্তিশালী এ দলটি মায়ামির সামনে দাঁড়াতেই পারল না।
ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, ‘আমরা যেমনটা চেয়েছি তেমনটা করতে পেরেছি। এই জয় খুব দরকার ছিলো। আর সেটি আমরা পেয়ে গেছি। এখানে সুয়ারেজ গোল করতে পেরেছে, আমি তার জন্য খুব খুশি।’
