আলো ডেস্ক
দীর্ঘদিন ধরেই দেশের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। প্রতিবছর রমজান মাসে পেঁয়াজের চাহিদা থাকে অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এমন প্রেক্ষাপটে আসন্ন রমজানে পেঁয়াজের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা। এ অবস্থায় আসন্ন রমজানে বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে রোজার আগেই ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করতে চায় সরকার।
দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশে এই পেঁয়াজ রপ্তানি করবে ভারত। চলতি সপ্তাহেই এই পেঁয়াজ আমদানি-রপ্তানি সংক্রান্ত অফিসিয়াল কাগজ পাওয়া যেতে পারে। অফিসিয়াল কাগজ পওয়ার ৩ দিনের মধ্যে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আনতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। ফলে আগামী সপ্তাহে অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহে দেশের বাজারে আসতে পারে ভারতীয় পেঁয়াজ।
এ লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু নিশ্চিত করেছেন রোজার আগেই ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছাবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে এই পেঁয়াজ রপ্তানিতে নীতিগত অনুমোদন দিয়েছে ভারত সরকার। তিন থেকে চারদিনের মধ্যে অফিসিয়াল কাগজ চলে আসবে। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে রোজার আগেই এই পেঁয়াজ দেশে চলে আসবে।
সূত্র আরও জানিয়েছে, সম্প্রতি গুজব ছড়িয়ে পড়ে যে ভারত থেকে পেঁয়াজ আসবে না। এটি পুরোপুরি গুজব। ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির বিষয়ে কোনো সন্দেহ নেই।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকলেও অফিসিয়াল কাগজ এখনো পাওয়া যায়নি। আশা করা হচ্ছে চলতি সপ্তাহেই অফিসিয়াল কাগজ চলে আসবে। অফিসিয়ালি কাগজ পাওয়ার পর ভারত থেকে পেঁয়াজ আনতে খুব বেশিদিন লাগবে না। তিন থেকে চারদিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আনা সম্ভব।
তিনি বলেন, ভারতের পেঁয়াজ পাওয়া নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। রোজার আগেই ভারতের পেঁয়াজ বাংলাদেশে আসবে। আমরা আশা করছি সব প্রক্রিয়া সম্পন্ন করে মার্চের প্রথম সপ্তাহেই ভারত থেকে পেঁয়াজ চলে আসবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘ভারতের পেঁয়াজ বাংলাদেশে আসবে শতভাগ নিশ্চিত। দুই থেকে তিন দিনের মধ্যে ডকুমেন্টেশন শেষ হয়ে যাবে। রোজার আগেই ইনশাআল্লাহ আমরা ভারত থেকে পেঁয়াজ আনতে পারবো।’
তিনি বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ রোজার আগেই আসবে। ওরা বলেছে কাগজ পেলে তিনদিনের মধ্যে ওরা বর্ডারে পেঁয়াজ পাঠিয়ে দেবে। ওদের কৃষকরা পেঁয়াজের দাম পাচ্ছে না। নাসিকে (ভারতের মহারাষ্ট্রের এলাকা) পেঁয়াজের কেজি ২০ থেকে ২৫ রুপি।’
গত আগস্টে ভারতের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটির সরকার। এরপর গত অক্টোবরে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য নির্ধারণ করা হয় টনপ্রতি ৮০০ মার্কিন ডলার। কিন্তু এসব পদক্ষেপ খুব বেশি কার্যকর না হওয়ায় গত ৭ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার।
চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয়। ভারতের এই নিষেধাজ্ঞার পর বাংলাদেশের বাজারে হু হু করে বাড়ে পেঁয়াজের দাম।
