আলো ডেস্ক
বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাজার যাতে স্থিতিশীল থাকে সেদিকে লক্ষ্য রেখে এবং রোজায় যাতে জনমনে দুর্ভোগের সৃষ্টি না হয় সেজন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আধুনিকীকরণ অন্যান্য ফসল যেমন ফ্রুটস প্রসেসিংসহ আমরা অনেক পরিকল্পনা নিয়েছি। ইতোমধ্যে আমাদের কিছু চুক্তি স্বাক্ষর হয়েছে। বিদেশি বিনিয়োগকারীসহ দেশীয় যারা উদ্যোক্তা তারাও সেখানে আগ্রহ প্রকাশ করেছে। বেসরকারিভাবে যারা তৈরি করেন তারা বিদেশ থেকে কাঁচামাল এনে করেন। তাদের সাথে আমরা বাজারে টিকি না। কারণ, আমাদের মূল্য বেশি পড়ে যায়। সেজন্য আমরা এখন নতুন পন্থায় মিলগুলোকে আরও বাস্তবসম্মত করতে যাচ্ছি। আমার বিশ্বাস এখন আর চিনির অভাব হবে না। আমাদের যে চিনি আছে সামরিক বাহিনী, পুলিশসহ বিশেষ করে সরকারি যে বাহিনীগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের সুগার করপোরেশন থেকে চিনি সরবরাহ করে থাকি। বাইরের বাজারের জন্য আমাদের কিছুটা শর্ট পড়ে সেখানে প্রাইভেট যারা আছে টিসিবিসহ তারা আমদানি করে থাকে। তবে বাজার অনেকটাই স্থিতিশীল আছে। বিশ্ববাজারের পরিস্থিতিতে যেটুকু দাম বাড়ার সেটুকু বেড়েছে।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আরও বলেন, আমার শিল্প মন্ত্রণালয় দামে যদিও সাবসিটি দিতে হয় তবুও ৪৫ টাকাই রেখেছি। আমরা সরকার নির্ধারিত যে মূল্য নির্ধারণ করেছে ৬৫ টাকা সেটাতে আমরা দিচ্ছি না। আমরা আমাদের নির্ধারিত মূল্যই দিচ্ছি। বাজার যাতে স্থিতিশীল থাকে সেদিকে লক্ষ্য রেখে রোজায় যাতে জনমনে দুর্ভোগের সৃষ্টি না হয় সেজন্য আমরা ব্যবস্থা করছি।
