ছবি সংগৃহীত
আলো ডেস্ক
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা রাশেদ প্রধান বলেছেন, বাংলাদেশের উপর ভারতীয় দখলদারিত্ব চলছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু সেজে ‘উইপোকার’ মত বাংলাদেশের সব কিছু খেয়ে যাচ্ছে। শুধু তাই নয়। আগামী একশত বছরের সম্পদ ভারত বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় লুটপাট করে নিয়ে গেছে।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত ‘ভারতীয় আগ্রাসন মুক্ত গণতন্ত্র পূণরুদ্ধারের দাবীতে ও ভারতীয় পরিকল্পনায় পিলখানা সেনা হত্যার প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, বাংলাদেশে বিগত জাতীয় নির্বাচন গুলোতে ভারত তাদের সকল অবৈধ ব্যবস্থায় শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। তবে এসবের আলামত ভালো নয়। ভারত বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা এবং গণতন্ত্রকে নিদারুণভাবে ধ্বংস করে দিয়েছে। বাংলার সীমান্তে পাখির মত বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে। বিজিবি’র সদস্যদের মেরে লাশ পাঠাচ্ছে। আজ দেশবাসীর জিজ্ঞাসা, ভারতের বিরুদ্ধে কথা বললে আওয়ামী ওয়ালাদের জ্বলে ওঠে কেন?
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ে। ডলারের সংকটে দেশে আমদানি অর্ধেকে নেমে এসেছে। লুটপাট এবং অর্থ পাচারের কারণে ব্যাংক গুলোতে চরম রিজার্ভ সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে শিল্প-কারখানা বন্ধের পথে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকি মৃত্যু শয্যায়। সুতরাং শেখ হাসিনা সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে বাংলাদেশ পঙ্গু রাষ্ট্রে পরিনত হবে।
যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব প্রফেসর আব্দুল করিম, জাগপার প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মোহাম্মদ আনাছ, আসাদুর রহমান খান, জাগপা সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক রওশন আলম আকন্দ, যুব জাগপা নেতা আনোয়ার হোসেন, জনি নন্দী প্রমূখ।
