বাড়ির গেটের পাশে থেকে লাশ উদ্ধার
পুঠিয়া সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় বাড়ির গেটের পাশে থেকে জালাল উদ্দীন (৩৫) নামের একজনকে উদ্ধার করেছে পুলিশ। সে পুঠিয়া পৌর সদরের কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জালালের লাশ উদ্ধার করা হয়। পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ায় হতাশায় ভুগছিল সে।
পুলিশ জানায়, ধনাঢ্য পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ায় পর জালাল ঢাকা চলে যায়। কিছুদিন আগে তার স্ত্রীও তাকে ছেড়ে অন্যত্র বসবাস শুরু করে। গতকাল রোববার ঢাকা থেকে এসে জালাল বাড়ির পাশে একটি মসজিদে থাকে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে সে বাড়িতে আসে।
তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে তার মাসহ বাড়ির লোকজন গেটে তালা মেরে অন্যত্র চলে যায়। গেটে দিনভর অপেক্ষা করেও বাড়িতে ঢুকতে না পেরে হার্ট অ্যাটাক করে সেখানেই তার মৃত্য হয়।
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, খবর পেয়ে জালালের লাশ উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী নরসিংদী থেকে আসার পর মামলা হবে কিনা সেটা জানা যাবে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।
