আলো ডেস্ক
রফতানি থেকে আয় বাড়াতে এবং অর্থনীতির উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ জনশক্তি রপ্তানি বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানো এলিফ্যান্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘অর্থনৈতিক বৈচিত্র্য ও বৈশ্বিক বাজার: বাংলাদেশের সুযোগ ও অগ্রগতি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এক্ষেত্রে তৈরি পোশাক, ওষুধ পণ্য, প্লাস্টিক, চামড়া, পাটজাত পণ্য, জাহাজ নির্মাণ এবং দক্ষ জনশক্তিকে রপ্তানি বহুমুখীকরণের জন্য ফোকাস করার কয়েকটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আমসহ কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর অনেক সম্ভাবনা রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবসহ একাধিক ফ্রন্টের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গত ১৫ বছরে বাংলাদেশ অসাধারণ উন্নতি করেছে। এটি শুধু জাদু নয়, এটি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে।
সরকার ভূরাজনৈতিক বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে এবং ভূরাজনৈতিক দৃশ্যপট বিকশিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি সুযোগ ও চ্যালেঞ্জ উভয়ই তৈরি করে। তাছাড়া সরকার বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছে।
বিআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকারের মডারেশনে সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক প্রধান সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিদেশি রাষ্ট্রদূত, দেশের সাবেক রাষ্ট্রদূতদের অংশ নেয়া সেমিনারে বিআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খান স্বাগত বক্তব্য রাখেন এবং গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
