ছবি সংগৃহীত
আলো ডেস্ক
বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা এলাকায় পরিত্যক্ত বাথরুমে ককটেল বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে ইসলামিয়া মিশনের পিছনে হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন- গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন, কনষ্টেবল মো. মিজান ও বাড়ির মালিক মাসুম হাওলাদার। মাসুমের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী মাসুমের আত্মীয় সেন্টু হাওলাদার জানিয়েছেন, বাড়ির বাথরুমে পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায় মাসুম। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ অবহিত করা হয়। সেখান থেকে গৌরনদী মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে বাড়ির মালিক মাসুমকে বাজারের ব্যাগ বের করতে বলে। মাসুম ব্যাগটি বের করার সময় ককটেল বিস্ফোরিত হয়। এতে মাসুমের শরীরে বিভিন্ন স্থানে স্প্রিন্টার বিদ্ধ হয়ে রক্তাক্ত হয়। এছাড়া এসআইয়ের পায়ে এবং অপর এক পুলিশ সদস্য বিকট শব্দে কান স্তব্দ হয়ে যায়।
তিনি আরও জানান, তাৎক্ষনিক এ্যাম্বুলেন্সযোগে মাসুমকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশকে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে নেয়া হয় বলে তিনি জানতে পেরেছেন।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, ওই বাড়িতে মাসুম একাই বসবাস করেন। বাড়িতে এক সিরিয়ালে তিনটি বাথরুম রয়েছে। এর মধ্যে ২টি বাথরুম ব্যবহারের অযোগ্য হওয়ায় তা খোলা ছিল। যেটি ব্যবহার করা হতো সেটি তালাবদ্ধ থাকে। কিন্তু মাসুম সকালে ওই বাথরুমটি খোলা দেখতে পায়। এরপর সেখানে গিয়ে একটি বাজারের ব্যাগ দেখে তা খুললে সেখানে লালটেপ পেচানো বোমা সাদৃশ্য বস্তু দেখে ত্রিপল নাইনে ফোন দেন। ত্রিপল নাইন থেকে অবহিত করা হলে সেখানে আহত এসআই কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। যাওয়ার পর ওই ব্যাগটি খোলার সাথে সাথে তা বিস্ফোরিত হলে মাসুম ও কামাল আহত হন। এছাড়া শব্দে এক কনস্টেবলের কান স্তব্দ হয়ে যায়। সে কানে শুনতে পারছে না। আহতদের বরিশাল মেডিকেল এবং পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সেখানে একাধিক ককটেল ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে সংখ্যাটা সঠিকভাবে বলা সম্ভব নয়। এ বিষয়ে তদন্ত চলছে। কে বা কারা এ ককটেল রেখেছিল। তাদের উদ্দেশ্য কি ছিল। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
