ছবি সংগৃহীত
আলো ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকায় আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ও পরদিন বুধবার ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত আড়াই ঘণ্টা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকবে। ইউটার্ন নির্মাণের কাজ ও গ্যান্ট্রি সাইন (সড়কের নানা নির্দেশনা–সংক্রান্ত সাইনবোর্ড) স্থানান্তরের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখার কথা জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।
সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সড়কে বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘নির্মাণাধীন ইউটার্নের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য জনসাধারণ ও যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি।’ তিনি ডিবিসি নিউজকে জানান, এ সড়ক বন্ধ থাকলেও বিকল্প সড়ক দিয়ে যানবহন যাতায়াত করতে পারবে। তাছাড়া সতর্কতার অংশ হিসেবে এটি জানানো হয়েছে। খুব অল্প সময় সড়ক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
