স্পোর্টস ডেস্ক
জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে গেছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাটের নেতৃত্বের ভারই দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
এতদিন এই দায়িত্ব ছিল সাকিব আল হাসানের কাঁধে। তার চোখের সমস্যা ও অন্যান্য কারণে ‘অ্যাভেইলেবেলেটি’ নিয়ে অনিশ্চয়তা থাকায় শান্তকে বেছে নেওয়ার কথা জানিয়েছে বোর্ড। এ ব্যাপারে সাকিবের সঙ্গে কী কথা হয়েছে?
জানতে চাইলে মিরপুরে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে। সাকিবের এখন অবধি কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে; ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে; বিশ্বকাপ আছে। আসলে ওর এভেইলেবেলেটিটা আমরা নিশ্চিত না। ’
‘অবশ্যই ও আমাদের প্রথম পছন্দ অধিনায়ক হিসেবে সবসময়ই ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চিত রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত আর দেরি করতে চাইনি। এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন স্মুথলি দলটা চলতে পারে; সেজন্য এই নামটা আমরা ঘোষণা করে দিয়েছি। ’
