আলো ডেস্ক
গত ৬ মাসে দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্ত ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
রিট প্রসঙ্গ ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত কয়েক মাসে ঢাকা, রাজশাহী, রংপুর, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মী মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনা নিয়ে দেশে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করেছি। রিটে কারাগারে বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেছি।
এর আগে এই বেঞ্চে ক্ষতিগ্রস্থ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিষয় এই আইনজীবী রিট করেছিলেন।
এদিকে শুক্রবার (৯ ফেব্রূযারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে দাবি করেন, সরকার প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে। কারা হেফাজতে নির্মম নির্যাতনের শিকার হয়ে গত তিন মাসে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে। প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড। কারা হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
এ সময় রিজভী আরও বলেন, অরাজকতা, নৈরাজ্য আর বিশৃঙ্খলার বৃত্তে মানুষকে বন্দী করা হয়েছে। গত ১৭ ডিসেম্বরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছিলেন যে, নির্বাচনের বাধা দূর করতে বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে।
