আলো ডেস্ক
হজে গমনেচ্ছুদের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অর্থ ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা জমা দিতে নির্দেশ দিয়েছে সরকার।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৪ সনের হজে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী সকল হজযাত্রীদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।
কয়েক দফা বাড়ানোর পর গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি মাধ্যমে ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি মাধ্যমে ৭৮ হাজার ৮৯৫ জন নিবন্ধন করেছেন।
সরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজের জন্য দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এরমধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজে খরচ পড়বে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। দুই প্যাকেজেই বিমান ভাড়া পড়বে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। গতবার যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।
আর বেসরকারিভাবে ‘সাধারণ প্যাকেজে’ হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। গত বছরের তুলনায় কমেছে ৮২ হাজার ৮১৮ টাকা। আর বেসরকারিভাবে ‘বিশেষ প্যাকেজের’ মাধ্যমে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
