ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
সম্প্রতি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা আনে ভারত। পুরো ম্যাচেই ভারতীয় বোলারদের আধিপত্য দেখা গেছে। পাশাপাশি, যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে শুভমান গিল সেঞ্চুরি করে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন। তবে, এই দুইজন ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটসম্যান বিশেষ পারদর্শিতা দেখাতে পারেননি।
এদিকে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। তবে এই টেস্টের আগেই ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড দল। প্রায় এক সপ্তাহের বিরতিতে আবুধাবি যাওয়ার পরিকল্পনা করেছে দলটি।
জানা গেছে, বেন স্টোকস অ্যান্ড কোং আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হওয়া তৃতীয় টেস্টে সময়মতো ফিরে আসার আগে আবুধাবিতে গলফের আনন্দ উপভোগ করতে চায়। এমতাবস্থায়, দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মধ্যে ১০ দিনের বিরতি কাজে লাগাতে সফরকারী দল আবুধাবি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ভারত সফরের আগেও আবুধাবিতে ছিল ইংল্যান্ড ক্রিকেট দল। সেখানকার কন্ডিশনিং ক্যাম্পে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও নিচ্ছিল দলটি। ওই ক্যাম্পে ভারতীয় স্পিনারদের মোকাবিলা করতে ইংলিশ ব্যাটাররা যথেষ্ট পরিশ্রম করেছেন। তবে, দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্ষতি করেন জাসপ্রিত বুমরাহ। প্রথম ইনিংসে ৬ টি ও দ্বিতীয় ইনিংসে ৩ টি উইকেট তুলে নেন এই ভারতীয় বোলার।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দল ব্যাটিংয়ে ‘বাজবল’ কৌশল ব্যবহার করেছিল। পাশাপাশি, ভারতীয় পিচে তারা শুধুমাত্র একজন ফাস্ট বোলার হিসেবে জেমস অ্যান্ডারসনকে নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। মূলত, স্পিনারদের ওপরেই ভরসা রেখেছিল ব্রিটিশরা। এর ফলও ইংল্যান্ড পেয়েছে হাতেনাতে। অভিষেক টেস্টেই স্পিনার টম হার্টলির কারণে ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। হার্টলি দ্বিতীয় ইনিংসে পুরো ভারতীয় দলকে বিপদের মধ্যে ফেলে দেন।
তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ধাক্কা দেন বুমরাহ। দ্বিতীয় টেস্ট ম্যাচে জসপ্রিত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিনের ৩ টি করে উইকেটের সাহায্যে ভারত ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ২৯২ রানে অলআউট করে দেয়। ওই ম্যাচে ভারত ১০৬ রানে জিতেছে। প্রথম ইনিংসে, ভারত ইংল্যান্ডকে ২৫৩ রানে সীমাবদ্ধ করেছিল। সেই ইনিংসে ৭৬ রান করেন জ্যাক ক্রাউলি। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ৩৯৯ রানের টার্গেট দেয় ভারত। সেখানে ইংল্যান্ড ১০৬ রানে হেরে যায়।
