ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ট্রেনে চড়ে আনন্দ করতে গিয়ে হারিয়ে গিয়েছিল শিশু ওমর ফারুক। মা-বাবা আর পরিবার হারা হয়ে সে পথে পথে নিজ বাড়ী খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে তাকে না পেয়ে তার বাবা মায়ের অবস্থাও হয় দিশেহারা। তবে এই পরিস্থিতি থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর ফলমন্ডি এলাকা থেকে ওমর ফারুক নামে ১১ বছর বয়সী হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। পরে শিশুটিকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত শনিবার শিশুটি পাহাড়তলী স্টেশন থেকে ট্রেনে উঠে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে আসে। ট্রেন থেকে নেমে আর বাসায় ফিরতে না পেরে ঘুরতে ঘুরতে বিআরটিসি ফলমন্ডি এলাকায় এসে কান্নাকাটি শুরু করে। এ সময় সালমান ভূঁইয়া নামে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলে সে নাম-ঠিকানা বলতে পারছিল না। তিনি শিশুটিকে কোতোয়ালি থানায় নিয়ে যান। পরে পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি পোস্ট করলে সন্ধান মিলে ওমর ফারুকের পরিবারের।
কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়দুল হক সমকালকে বলেন, শিশুটি কোন ট্রেনে কোন সময়ে এসেছে কিছুই বলতে পারছিল না। শুধু বলেছিল সে ট্রেনে এসেছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় চেয়ে পোস্ট করা হয়। এর পর তার পরিবার তাকে শনাক্ত করে। এর পর পুলিশ তাকে তার পরিবারের কাছে ফেরত দেয় বলেও জানা তিনি।
এদিকে পুলিশের সহায়তায় নিজ ছেলেকে ফিরে আনন্দে আত্মহারা ওমর ফারুকের বাবা। কান্না জড়িত কণ্ঠে তিনি জানান, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া তিনি আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। তিনি এই মহৎ কাজের জন্য পুলিশ ও সংশ্লিষ্টকে সবাইকে ধন্যবাদও জানান।
