ফাইল ছবি
আলো ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৪৬ কোটি ৫৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং মাদক, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।
রোববার (০৪ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান।
এগুলোর পাশাপাশি বেশ কিছু অস্ত্রও উদ্ধার করেছে বিজিবি। এগুলোর মধ্যে রয়েছে নয়টি পিস্তল, পাঁচটি বিভিন্ন প্রকার বন্দুক, আটটি ম্যাগাজিন, দুই দশমিক ৪৫ কেজি গান পাউডার এবং ৩৩ রাউন্ড গুলি।
এছাড়া গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১০ লাখ ৪৮ হাজার ১৬৯টি ইয়াবা ট্যাবলেট, আট কেজি ৩১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩৯ দশমিক ৩৭৪ কেজি হেরোইন, ১১ হাজার ৯৭৬ বোতল ফেনসিডিল, ১৯ হাজার ৭২৪ বোতল বিদেশি মদ, এক হাজার ২৯৬ লিটার বাংলা মদ, এক লাখ এক হাজার ৭৬০টি মদ তৈরির ট্যাবলেট, এক হাজার ৩৮ ক্যান বিয়ার, ৬৫৪ কেজি গাঁজা, এক লাখ ৮৪ হাজার ৫৪৫টি নেশাজাতীয় ইনজেকশন, দুই হাজার ৪৮২ বোতল ইস্কাফ সিরাপ, চার দশমিক ৮৪৫ কেজি কোকেন, ১১ হাজার ৯৭৬ বোতল এমকেডিল/কফিডিল, পাঁচ লাখ ২১ হাজার ৩০৮টি বিভিন্ন প্রকার ঔষধ, ১৬৭ প্যাকেট কিটনাশক এবং এক হাজার ১৬৪টি অন্যান্য ট্যাবলেট।
অন্যদিকে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৫ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৭ জন বাংলাদেশি নাগরিক, ছয় জন ভারতীয় নাগরিক এবং ১৮৭ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
