আলো ডেস্ক
অনলাইন জুয়ার সব অ্যাপস পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, অনলাইন জুয়ার অ্যাপস শতভাগ বন্ধ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ প্রোপাগান্ডা ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের জন্য ভয়ংকর ক্ষতিকর। যেকোনো মূল্যে তা বন্ধ করতে সংশ্লিষ্টদের জোরালো উদ্যোগ নিতে হবে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরের সদরদপ্তরে স্থাপিত সাইবার থ্রেড ডিটেনশন অ্যান্ড রেসপন্স সেন্টার পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী টেলিযোগাযোগ অধিদপপ্তরের সম্মেলনকক্ষে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় স্বল্প সম্পদ ব্যবহারের মাধ্যমে কীভাবে ভালো ফল পাওয়া যায়, সে বিষয়ে কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার-ই কায়নাত, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক মো. সাহাব উদ্দিন প্রমুখ।
