রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ - ছবি সংগৃহীত
আলো ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কাউয়ারচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন, সিলেট জেলার জাহানারা ও তার স্বামী বরিশাল জেলার শামীম মিয়া। তারা রূপগঞ্জে ভাড়া থাকতেন।
মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দগ্ধ স্বামী-স্ত্রীকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে বিকট শব্দ শুনে ঘুম ভাঙে। পরে গিয়ে দেখতে পান আবু মুসা মিয়ার বাড়ির ভাড়াটিয়ার বাসায় আগুন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরে থাকা স্বামী শামীম মিয়া ও স্ত্রী জাহানারার শরীরের অনেক অংশ পুড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেন। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
