ছবি সংগৃহীত
আলো ডেস্ক
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার হত্যা মামলার এজাহারভুক্ত বর্তমান চেয়ারম্যানসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। এ ঘটনায় ৩০ জানুয়ারি নিহতের স্ত্রী মালা মন্ডল মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- আটঘর কুড়িয়ানার বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার, তার সহযোগী সুষময় হালদার, জালিস মাহমুদ ও আমিনুল ইসলাম। এরা সকলে নেছারাবাদের সংগীতকাঠী গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় র্যাব-৮ সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লে. কর্নেল কাজী জুবায়ের আলম শোভন জানিয়েছেন, ঘটনার পর থেকে র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। বিশেষ গোয়েন্দা নজরদারী ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হন। বুধবার সকালে বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের পিরোজপুরের নেছারাবাদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৩০ জানুয়ারি সকালে সাবেক চেয়ারম্যান শেখর কুমার দাস একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে যোগদানে বাড়ি থেকে বের হন। কুড়িয়ানা বাজার সংলগ্ন এলাকা অতিক্রমকালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা শেখরকে হত্যার উদ্দেশ্যে লাঠি ও ইট দিয়ে এলোপাথাড়ি মার’ধর করে। আশঙ্কাজনক অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্ব বিরোধের জের ধরে বর্তমান চেয়ারম্যান মিঠুনের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
