ছবি সংগৃহীত
আলো ডেস্ক
পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কুড়িয়ানা বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার মুকিত হাসান ও সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষ্যদর্শী কুড়িয়ানা বাজারের ব্যবসায়ী সজল সিকদার বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। এ ঘটনার ১০ মিনিট আগে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের দোকানে এসে পাশেই কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বলেন বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার। এ সময় সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন বর্তমান চেয়ারম্যান।
তখন শেখর সিকদার বলেন, কীসের টাকা জানতে চাইলে চেয়ারম্যান মিঠুন তাকে গালিগালাজ শুরু করলে শেখর সিকদার বলেন টাকা লাগলে দেবনে এখন স্পোর্টস দেখতে চল। একথা বলার সঙ্গে সঙ্গে মিঠুন বলেন, শালারে শোয়ায় ফেল, তখন সঙ্গে থাকা পঙ্কজ ও শঙ্কর কাঠের চলা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন তাকে। আমি থামাতে গেলে আমাকেও বেদম পিটিয়ে আহত করেন তারা। এরপর শেখর সিকদার মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি দত্ত জানান, এলাকায় আধিপত্য নিয়ে দুই চেয়ারম্যানের ভেতরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ ঘটনায় আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের বক্তব্য নিতে বারবার ফোন করা হলেও তারা কোনো সাড়া মেলেনি।
নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় স্বাধীন হালদার নামের একজনকে কুড়িয়ানা বাজার থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
