ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ফরিদপুর গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডে চাঞ্চল্যকর ও লোমহর্ষক অজ্ঞাতনামা হত্যা মামলার মূল রহস্য উদঘাটনসহ আসামি রোজিনা আক্তারকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত রোজিনা গোয়ালন্দ যৌন পল্লীর বাসিন্দা হত্যার শিকার পাবনা জেলার মিলন প্রামাণিক।
জানা যায়, চলতি মাসের ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৭ টার দিকে ফরিদপুর গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডে গোল্ডেন লাইন কাউন্টারের পূর্ব দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ১টি লাগেজ পাওয়া যায়। পরিত্যক্ত লাগেজটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাগেজের তালা ভেঙে অজ্ঞাতনামা পুরুষের লাশ দেখতে পায়। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় কোতয়ালী থানার উপপরিদর্শক মো. শামীম হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রোজিনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সে ১০ থেকে ১২ বছর যাবৎ গোয়ালন্দঘাট দৌলতদিয়া পতিতাপল্লীতে আছে। ১৪ বছর বয়সে তার বাবা মা তাকে বিয়ে দেয়। বিয়ের কিছুদিন পর তার বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে দৌলতদিয়া পতিতাপল্লীর চায়ের দোকানদার হাকিমের সাথে তার ২য় বিবাহ হয়। হাকিম মারা যাওয়ার পর সে সুজনকে ৩য় বিবাহ করে।
আসামি আরো জানায়, হত্যার শিকার মিলন প্রামানিকের বাড়ী পাবনা সদরে। সে রাজবাড়ী জেলায় বিভিন্ন ইট ভাটায় কাজ করত এবং মাঝে মাঝে যৌন পল্লীতে আসত। চলতি মাসের ২৬ জানুয়ারি মিলন রোজিনার ভাড়া বাসায় যায় এবং ২৭ জানুয়ারি রাত ২টার দিকে টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে মিলন রোজিনার মাকে তুলে গালি দিলে সে ক্ষিপ্ত হয়ে তার পরিহিত ওড়না গলায় পেঁচিয়ে মিলনকে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হলে খাট থেকে নামিয়ে লাশটি কালো রঙের কম্বল, সাদা লাল বেগুনী রঙের বড় বেডশীট, একই রঙের ৩টি বালিশের কাভার দ্বারা মুড়িয়ে ঘরে থাকা বড় ১টি লাগেজের ভিতরে রাখে। সকাল সাড়ে ৬ টার দিকে লাশ ভর্তি লাগেজটি নিয়ে রিক্সা যোগে গোয়ালন্দ বাজারে যায়। সেখান থেকে ফরিদপুর যাওয়ার জন্য মাহেন্দ্রা গাড়ীতে লাশ ভর্তি লাগেজসহ ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডের গোল্ডেন লাইন কাউন্টারের পূর্ব পাশে বিকাশ পরিবহনের টিকিট কাটে এবং লাগেজটি গাড়ির হেলপারের সহায়তায় গাড়ীর বক্সে রাখে। গাড়ী ছাড়তে কিছুটা বিলম্ব হলে কৌশলে নাস্তা খাওয়ার কথা বলে সে দ্রুত পালিয়ে যায়।
ব্রিফিংকালে ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, তথ্য-প্রযুক্তি ও স্থানীয় তদন্তের মাধ্যমে জানা যায়, ২৭ জানুয়ারি সকাল ৮টায় অজ্ঞাতনামা বোরকা পরিহিত মহিলা মাহেন্দ্র গাড়ীতে এসে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিকাশ পরিবহনে টিকেট কাটে এবং লাগেজটি গাড়ির মালামাল রাখার বক্সে রেখে নাস্তা করার কথা বলে পালিয়ে যায়। নির্ধারিত সময়ে গাড়িটি ছাড়ার মুহুর্তে লাগেজের মালিককে না পেয়ে গাড়ি কর্তৃপক্ষ লাগেজটি ঘটনাস্থলে রেখে যায়।
এ তথ্যের সূত্র ধরে নিবিড় তদন্তকালে পুলিশ টিম রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাজার থেকে মাহেন্দ্রা গাড়ী ও গাড়ীর ড্রাইভারকে শনাক্ত করে হেফাজতে নেয়। তার দেয়া তথ্যমতে লাগেজ বহনকারী রিক্সা চালককে হেফাজতে নিয়ে গোয়ালন্দঘাট থানাধীন পতিতাপল্লীর জনৈক রুবেল মাতুব্বরের বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া রোজিনার বাড়ীতে অভিযান পরিচালনা করে। ঘটনার পর হতে রোজিনা পলাতক ছিল। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় রোজিনাকে ৩০ জানুয়ারি দিবা গত রাত ৩টার সময় ঢাকা কদমতলী থানাধীন জুরাইন এলাকার মো. দেওয়ান বাড়ীর ৬তলা হতে গ্রেপ্তার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
