ফাইল ছবি
আলো ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় লিকেজ বিস্ফোরণে দগ্ধ ছয়জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জান্নাতি আক্তার (১৮) নামের একজন মারা যান। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার রাতে একই ঘটনায় জান্নাতির ফুপাতো বোন রহিমা বেগম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জান্নাতি আক্তার পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চরখালি গ্রামের মো. মোতালেব মিয়ার মেয়ে।
এ ঘটনায় দগ্ধ অন্যান্যরা হলেন– বাঘপাড়া এলাকার নূর মোহাম্মদের স্ত্রী সুখী আক্তার (৩৩), তার মেয়ে সাদিয়া (১০), আরিফ হাওলাদার (২১) ও নিহত রহিমার মেয়ে ঋতু আক্তার (১৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার ভোরের দিকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে জান্নাতি আক্তার ১৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই ঘটনায় সোমবার রাতে তার বড় বোন রহিমা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকায় একটি টিনশেডের বাড়িতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণে পুরো বাড়িতে আগুন ধরে যায়। এতে ওই পরিবারের এক শিশুসহ ছয়জন দগ্ধ হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
বর্তমানে ঋতু আক্তার ১০ শতাংশ ও সুখী আক্তার ১৭ শতাংশ দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
