ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ফরিদপুরে কাউছার শেখ (২৬) নামে এক যুবককে অপহরণের ঘটনায় ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের দুই সদস্য স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডের কসাইবাড়ীর একটি দোতলা বাসা থেকে অপহৃত যুবককে উদ্ধার করে পুলিশ।
সে সদরের অম্বিকাপুর ইউনিয়নের ভাষাণচর গ্রামের মো. ছাত্তার শেখের ছেলে। এ সময় নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের এনায়েত কাজীর ছেলে পাপ্পু ওরফে সুমন কাজী (২৭) এবং তার স্ত্রী নিপা বেগমকে (২৭)গ্রেপ্তার করা হয়। তারা ওই বাসায় ভাড়া থাকতেন বলে পুলিশ জানায়। এরমধ্যে পাপ্পু ওরফে সুমন কাজীর নামে অস্ত্র আইনে মামলাসহ নগরকান্দা ও কোতয়ালী থানায় তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় শহরের আলীপুরস্থ আলীমুজ্জামান ব্রিজের ওপর থেকে কাউছার শেখকে দুই যুবক অপহরণ করে শহরের একটি দোতলা বাড়িতে আটকিয়ে নির্যাতন করে। এরপর তার মোবাইল নিয়ে পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করে এবং বিকাশ করে দিতে বলে। টাকা না দিলে খুন করার হুমকি দেয়। এ ঘটনায় রাতেই তার মা রানু বেগম (৪৬) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে ওসি হাসানুজ্জামান হাসান জানান, গতকাল সন্ধ্যায় পাপ্পু এবং রিয়াদ নামে দুই যুবক কাউছারকে অপহরণ করে। এ ঘটনায় তার পরিবার থানায় অভিযোগ দায়ের করলে অপহরণ মামলা নেয়া হয়। এরপর গুপ্তচর ও তথ্য প্রযুক্তির মাধ্যমে রাতেই তাকে উদ্ধার করি এবং ওই বাসা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় রিয়াদ নামে একজন পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
