ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ১১১দিন হয়ে গেল। ৮ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধের শুরু। হামাসের এই হামলার পরপরই পাল্টা হামলা চালায় ইসরায়েল। এখনো এ যুদ্ধ চলছে, প্রতিদিন ঝরছে প্রাণ। এছাড়া যুদ্ধে এ পর্যন্ত ১২০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যগাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলার ঘটনা ঘটে।
এ হামলায় ইয়াদ আহমেদ আল-রাওয়াগ নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি সাউত আল-আকসা রেডিওর সম্প্রচারক ও অনুষ্ঠান উপস্থাপক ছিলেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজাজুড়ে ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছেন।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি হামলার ভয়ে তাদের হাসপাতালের ৯৫ শতাংশ কর্মী পার্শ্ববর্তী এলাকা রাফায় পালিয়ে গেছেন।
