ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
বিপিএলের দশম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলতে আসেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক । আসরের প্রথম পর্বে ঢাকায় খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিনটি নো বল করেন মালিক। প্রতিটি নো বলই ছিলো ওভার স্টেপিংয়ের জন্য। যদিও ক্রিকেটে স্পিনারদের একই ওভারে এতো ওভার স্টেপিং দেখা যায় না। সেই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ফিক্সিংয়ের গুঞ্জন তুলেছেন। এবার সেই ইস্যুতে বিবৃতি দিয়েছে শোয়েব মালিকের দল ফরচুন বরিশাল। তারপরই একই ইস্যুতে শোয়েব মালিক নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) একটি ভিডিও বার্তায় শোয়েব মালিকের পক্ষ নিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান শোয়েব মালিক।
ভিডিও বার্তায় বরিশালের মালিক মিজানুর রহমান বলেছেন, ‘আসসালামুআলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি ফরচুন বরিশালের সকল দর্শকদেরকে এবং সমর্থকদেরকে। শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি, আমি এটার (শোয়েব মালিককে নিয়ে ফিক্সিংয়ের গুঞ্জন) তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় ও তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।’
একই দিন নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে শোয়েব মালিক লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে বরিশালের হয়ে খেলা নিয়ে আমার বিরুদ্ধে যে গুজব উঠেছে, তা প্রত্যাখ্যান করছি। আমি আমার অধিনায়ক তামিম ইকবালের সাথে ওই সময় আলোচনাও করেছি, পরে কি করতে হবে সেটাও পরিকল্পনা করি। পরবর্তীতে দুবাইয়ে আমার আগে থেকে নির্ধারিত কাজ থাকায় বাংলাদেশ ছেড়ে আসতে হয় আমাকে।’
এরপর বরিশালের জন্য শুভকামনাও জানান শোয়েব মালিক, ‘বরিশালের আসন্ন ম্যাচগুলোর জন্য শুভকামনা, যদি প্রয়োজন হয় আমি অবশ্যই তাদের যেকোনো সমর্থন দেওয়ার চেষ্টা করবো। মাঠের ক্রিকেটে আমি সবসময় আনন্দ পাই এবং সুযোগ পেলে আবারও সেটি চালিয়ে নিতে চাই।’
নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ ছড়ানোর আগে যাছাইয়েরও আহবান জানান বরিশালের এই অলরাউন্ডার, ‘সম্প্রতি ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করাও জরুরি মনে করছি। এ ধরনের ভিত্তিহীন গুজব শক্তভাবে প্রত্যাখ্যান করছি আমি। যেকোনো তথ্য বিশ্বাস এবং ছড়ানোর আগে অবশ্যই যাছাই করা উচিৎ। অন্যথায় এরকম মিথ্যা যে কারও সুনামে আঘাত করার পাশাপাশি বিভ্রান্তিও তৈরি করতে পারে। তাই স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্য সোর্সের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করুন।’
নিজের বক্তব্যের পাশাপাশি বরিশালের পক্ষ থেকে দেওয়া বিবৃতির ভিডিও–ও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন শোয়েব।
প্রসঙ্গত ফরচুন বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে তিনটি নো বলসহ এক ওভারে ১৮ রান দেন শোয়েব। যার কারণে মাঠেই বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। পরে শোয়েবকে আর বোলিংয়ে আনেনি তামিম। পরবর্তীতে তার নো বলের সেসব ডেলিভারির ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকেই মূলত গুজবের সৃষ্টি হয়।
শোয়েবকে নিয়ে বিপিএলে এখনো আলোচনা-সমালোচনা হলেও আপাতত তিনি আছেন দুবাইয়ে। ঢাকা পর্বের খেলা শেষেই ব্যক্তিগত কাজে গিয়েছিলেন দুবাই। কথা ছিলো সিলেট পর্বে দলের সাথে যোগ দেবেন। তবে এরপর সিদ্ধান্ত বদলেছেন। এবারের আসরে আর খেলা হবে না তার।
