ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আবারও স্বর্ণের খনি ধসে এখন পর্যন্ত ৭৩ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে এ খবর জানিয়েছে এএফপি ও রয়টার্স।
গত শুক্রবার (১৯ জানুয়ারি) মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে দুর্ঘটনাটি ঘটে।
খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেন, প্রথমে অনেক জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়ঙ্গটি। এ সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন।
তিনি আরও জানান, তল্লাশি অভিযানে এখন পর্যন্ত ৭৩ মরদেহ উদ্ধার করেছি।
এর আগে গত মঙ্গলবার মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনা ও কয়েকজন শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে বিবৃতিতে নিহত শ্রমিকের সংখ্যা জানানো হয়নি।
খনি মন্ত্রণালয়ের কর্মকর্তা বে কুলিবলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, স্বর্ণ অনুসন্ধানকারীরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সুড়ঙ্গ খুঁড়ার কাজ করে। আমরা অনেকবার তাদের সতর্ক করেছি, কিন্তু সেগুলো বিফলে গেছে।
তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য খনি মন্ত্রণালয় কাঙ্গাবায় একটি মিশন পাঠানো হচ্ছে।
সেই সাথে মালি সরকারের পক্ষ থেকে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
