রাজশাহীতে মোটরসাইকেল, সিএনজি সংঘর্ষে ভাঙরি ব্যবসায়ী নিহত: আহত ২
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান মিজান (৩০) নামের এক ভাঙরি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন মানিক ও জিয়া নামের দুইজন মোটরসাইকেল আরোহী। গত সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারঘাট থানার বাদুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিজানুর রহমান নগরীর চন্দ্রিমা থানাধীন শালবাগান পাওয়ার হাউজ মোড় এলাকার সামাদ হাজির ছেলে। আহত মানিকের বাড়ি একই থানার হাজরাপুকুর এলাকায় এবং মিজানের ব্যাবসায়ী পার্টনার। অন্যদিকে জিয়া বাংলাদেশ রেলওয়ের কর্মচারি বলে জানা গেছে।
আহত জিয়া জানান, আমাদের গ্রামের বাড়ি চারঘাট হলিদা গাছি। সেখানে একটি ডাউল মিলের ভাঙরি মালাল বিক্রি হবে এমন সংবাদে তিন বন্ধু গিয়েছিলাম। মোটরসাইকেল চালাচ্ছিল মানিক। চারঘাট থেকে আসার পথে বাদুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি সিএনজি রং সাইডে এসে আমাদের সজোরে ধাক্কা দেয়। এতে মিজানের মাথায় ও বুকে প্রচন্ড আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। মিজানের অবস্থা বেগতিক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে হস্তান্তর করে। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার (২৪ জানুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মিজান।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে।
