আলো ডেস্ক
মুন্সীগঞ্জের অটোরিকশাচালক আশরাফুল হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক ইয়াসমিন আক্তার ওর্মি এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- এমরান হোসেন, তোফাজ্জল, আমির ব্যাপারী, সবুজ শেখ। রায় ঘোষণার সময় আদালতে তিনজন উপস্থিত ছিলেন। এ মামলায় আবু কালামকে বেকসুর খালাসের রায় দেন বিচারক।
এ ছাড়া চোরাই অটোরিকশা ক্রেতা কাজল শেখকে তিন মাসের কারদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু বলেন, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরের বাঘরা থেকে যাত্রীবেশে লৌহজংযের গোয়ালী মান্দ্রার নির্জন এলাকায় এনে গলা কেটে চালক আশরাফুলকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যান আসামিরা।
এ সময় মাটিতে হত্যাকারীদের নাম লিখে যান চালক আশারাফ। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। পরে নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে লৌহজং থানায় একটি হত্যা মামলা করেন।
এ রায়ে মামলার বাদী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
