ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নাম মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক অনিয়মিত ক্রিকেটের মাঠে। নির্বাচনী ব্যস্ততার পর বিপিএলে সিলেট স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন। সিলেটের অধিনায়কত্ব তার কাঁধে, মাঠেও নেমেছেন দুই ম্যাচে। তবে হাঁটুর ব্যথার সাথে ফিটনেসে ঘাটতি স্পষ্ট ম্যাশের।
নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে সিলেট। প্রথম ম্যাচে বোলিং করেছেন মাশরাফি, পেয়েছেন উইকেটও। তবে বোলিং করেছেন ছোট রানআপে। প্রথম দুই ওভার ভালো বোলিং করলেও নিজের তৃতীয় ওভার করতে এসে খরুচে ছিলেন এই অভিজ্ঞ পেসার। আর মঙ্গলবারের ম্যাচে তো বোলিংই করেননি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ম্যাচের আগেই অবশ্য মাশরাফির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক সতীর্থকে নিয়ে আশরাফুল বলেন, ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক আমরা তার নাম দিয়েছি, অসাধারণ লিডার। সে সবার কথা শুনে, খেলাটা ভালো বুঝে। কিন্তু অধিনায়ক যদি নিজে পারফর্ম করে নেতৃত্ব দেওয়া সহজ হয়।’
আশরাফুল আরও বলেন, ‘আট মাস সে ক্রিকেটের বাইরে ছিলো, নির্বাচনের জন্য ব্যস্ত ছিলো। একদিন মনে হয় অনুশীলনে এসেছিলো বল করেছিলো কিনা জানি না।’
আসরে নিজেদের প্রথম ম্যাচে মাশরাফির উইকেট পাওয়া নিয়ে আশরাফুল বলেন, ‘নেমেই প্রথম বলে উইকেট পেয়েছে (হাসি)। আসলে ওকে যখন মোকাবেলা করে একটা তরুণ খেলোয়াড় তারা আসলে দ্বিধায় থাকে আমি মারবো কি মারবো না। আউট হলে একটা প্রেস্টিজের বিষয় আছে। এইসব জিনিসের কারণে হয়তোবা ফ্রিলি খেলতে পারে না।’
মাশরাফিকে ক্রিকেটীয় যুক্তির বাইরে গিয়ে খেলানোয় ছোট করা হচ্ছে টুর্নামেন্টকেই, এমনটাই ধারণা আশরাফুলের। তিনি বলেন, ‘কিন্তু এইভাবে এই টুর্নামেন্টে আসলে… সে কিন্তু খেলতে চাচ্ছিলো না, মালিকরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয় এই টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে। কারণ এই ধরণের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়ে দেখছে। এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে। এই যে ছয়মাস পর আমাদের বিশ্বকাপ। তাদের (সিলেট স্ট্রাইকার্স) দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে। যার একটা সুযোগ ছিলো এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপে সম্ভাবনা থাকত। সে জায়গায় একটা মিসিং।’
