আলো ডেস্ক
হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। যদিও ইতোমধ্যে মৌলভীবাজার, বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে। ফলে এসব এলাকার মানুষ শীতে নাজেহাল হয়ে পড়েছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি রেকর্ড হয়েছে। এটি চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
ঢাকা বিভাগে ঢাকা জেলা বাদে সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার এ তাপমাত্রাও চলতি বছরের সর্বনিম্ন। ময়মনসিংহ বিভাগের কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড হয়নি।
যেসব এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে
ঢাকা বিভাগ: ঢটাঙ্গাইলে ৮.৫, ফরিদপুরে ৭.৫, মাদারীপুরে ৮.৩, গোপালগঞ্জে ৭.৮, কিশোরগঞ্জে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
রাজশাহী বিভাগ: রাজশাহীতে ৭.৮, ঈশ্বরদীতে ৮, বগুড়ায় ৯, নওগাঁর বদলগাছীতে ৯, সিরাজগঞ্জের তাড়াশে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
রংপুর বিভাগ: রংপুরে ৯.৬, দিনাজপুরে ৮.৪, নীলফামারীর সৈয়দপুরে ৮.৬, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.১, নীলফামারীর ডিমলায় ৮.৫, কুড়িগ্রামের রাজারহাটে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
সিলেট বিভাগ: এ বিভাগে শুধু মাত্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয় ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯.৪ ও কুমিল্লায় ৯.৯ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা রেকর্ড হয়।
খুলনা বিভাগ: খুলনায় ৯.৪, সাতক্ষীরায় ৯.৫, যশোরে ৮.৬ ও কুষ্টিয়ার কুমারখালীতে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
বরিশাল বিভাগ: এ বিভাগের বরিশাল জেলায় ৮.৪ ও ভোলায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৬-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।
এদিকে মঙ্গলবার সকাল ৯ টা থেকে আবহাওয়া অফিসের ৭২ ঘণ্টর পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বুধবার (২৩ জানুয়ারি) থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। অন্য জায়গায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া বৃহস্পতিবার ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
