ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
২০২৩ সাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ছেলেদের জন্য ছিলো বিশ্বকাপ ব্যর্থতার। তবে একই বছরটা বাংলাদেশের মেয়েরা রাঙিয়েছে নিজেদের। দুর্দান্ত সব মাইলফলক স্পর্শ করেছে বাঘিনীরা। ভারত-পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ খেলার পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও তৈরি করেছে ইতিহাস। এসব অর্জনের পর স্বীকৃতি স্বরূপ এবার আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা হয়েছে বাংলাদেশি স্পিনারের।
বাংলাদেশের হয়ে আগের বছরটি বাঁহাতি অর্থোডক্স স্পিনার নাহিদা আক্তারের জন্যও স্মরণীয়। ওই বছরের ডিসেম্বরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছেন নাহিদা। এবার নাহিদার নাম উঠে এসেছে আইসিসির বর্ষসেরা ক্রিকেট একাদশেও।
২০২৩ সালে ওয়ানডে ক্রিকেটে ২০ উইকেট শিকার করেছেন নাহিদা। যা ওই বছরের ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ৭ উইকেট শিকার করেছেন তিনি।
আইসিসির ঘোষিত নারী একাদশে জায়গা পেয়েছেন পাঁচ অস্ট্রেলিয়ান। নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন দুইজন। বাংলাদেশের নাহিদা আক্তার ছাড়া শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে একজন করে জায়গা পেয়েছেন আইসিসির একাদশে।
আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ- ফোব লিচফোর্ড, চামারি আতাপাত্তু (অধিনায়ক), এলিস পেরি, অ্যামেলিয়া কার, বেথ মুনি, ন্যাট শিভার-ব্রান্ট, অ্যাশ গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।
