স্পোর্টস ডেস্ক
ইতালিয়ান কাপ থেকে আগেই ছিটকে গিয়েছিলো ইন্টার মিলান। শিরোপার লক্ষ্যে ইটালিয়ান সুপার কোপার ফাইনালে দাপুটে শুরু পায় তারা। তবে কাঙ্ক্ষিত গোল পাচ্ছিলো না। দশজনের নাপোলির বিপক্ষেও বেশ কয়েকবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ইন্টার। ম্যাচের যোগ করা সময়েই আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের গোলে শেষপর্যন্ত হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে নেরাজ্জুরিরা।
সৌদি আরবের আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ফাইনালে নাপোলিকে ১-০ গোলে হারায় ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোলটি করেন মার্টিনেজ। বক্সের ডানপ্রান্ত থেকে দারুণ এক ক্রসে ছয় গজ দূরে থাকা মার্টিনেজ নাপোলি গোলরক্ষককে পরাস্ত করতে কোনো ভুল করেনি।
এর আগে ফ্রান্সেসকো আকেরবিকে ফাউল করে লাল কার্ড দেখেন নাপোলির জিওভানি সিমিওনে।
ইতালিয়ান সুপার কাপে এটি ইন্টারের অষ্টম শিরোপা। সর্বোচ্চ নয়বার চ্যাম্পিয়ন হওয়া জুভেন্তাসকে ছুঁতে আর একটি শিরোপা দূরে আছে তারা।
চ্যাম্পিয়ন হওয়ার পর ইন্টার কোচ সিমোন ইনজাঘি বলেন, ‘তিন দিন আগে সেমিফাইনাল খেলেছি আমরা এবং এরপর ফাইনাল খেললাম। এমন অভিজ্ঞতা সবার কাছেই নতুন। আমরা আমাদের মনোযোগ উঁচুতে রেখেছিলাম।’
জয়সূচক গোলটি পেয়ে আনন্দে ভাসছেন অধিনায়ক মার্টিনেজ। ইন্টার অধিনায়ক বলেন, ‘আমি খুবই গর্বিত এবং খুশি। ইতালিয়ান কাপ থেকে ছিটকে যাওয়ার পর আমরা সুপার কাপ জিততে চেয়েছিলাম। এটা কঠিন ছিলো, কারণ একদিনেরও কম সময় বিশ্রাম পেয়েছি আমরা। বেশি নিখুঁত ছিলাম না তবে আমি আমার দলকে নিয়ে গর্বিত। এই গোলটি অসাধারণ আবেগের, অনন্য এক মুহূর্ত। ‘
