আলো ডেস্ক
জাতীয় পার্টির ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ।
সোমবার (২২ জানুয়ারি) রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ্’র স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণীত হয়ে যে সব নেতাকর্মী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টির রাজনীতির সাথে সংশ্লিষ্ট এদেরকে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি প্রদান অতীব দুঃখজনক।
বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তথাকথিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অজুহাত তুলে দলের নিবেদিত প্রাণ কর্মী ও সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা অত্যান্ত দুঃখজনক।
অনতিবিলম্বে অব্যাহতিপ্রাপ্ত ও বহিষ্কৃত নেতা-কর্মীদের দলে ফিরিয়ে এনে স্ব স্ব পদে বহালের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, যেই মুহুর্তে প্রয়োজন সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে নির্বাচনে বিপর্যয় এড়িয়ে দলকে শক্তিশালী করা সেই মুহুর্তে নিবেদিত প্রাণ নেতা-কর্মীদের দল থেকে বের করে দিয়ে দলকে ন্যাপ মোজাফ্ফর, ন্যাপ ভাসানী ও মুসলীম লীগে রূপান্তরের সামিল। তাই অনতিবিলম্বে দলকে ঐক্যবদ্ধ করার সকলে প্রয়াস গ্রহণের জন্য পার্টির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বার জানাচ্ছি।
