ছবি সংগৃহীত
আলো ডেস্ক
আজ সকাল থেকে বরগুনার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছগীরের ওপর হামলার প্রতিবাদে এ ঘোষণা দেয়া হয়।সোমবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু।
গোলাম মোস্তফা কিসলু জানান, একটি ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে লোকজন নিয়ে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন স্ত্রী সন্তানের সামনে ছগীরের ওপর হামলা চালায়।
কিসলু বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। এ রকম পরিস্থিতির সম্মুখীন আমরা আর কখনও হইনি। আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে। স্ত্রী-সন্তানের সামনে সংগঠনের সাধারণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হামলার সময় অফিস থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
তবে এ ঘটনায় অভিযুক্ত বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
