ছবি: সংগৃহীত
আলো ডেস্ক
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পরিবেশ বিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরার) উপদেষ্টামণ্ডলীর সভাপতি সুলতানা কামাল বলেছেন, কাউকে লুট করতে দেবেন না। কোনো লুটেরাদের সঙ্গেও যাবেন না। যারা প্রাকৃতিক সম্পদের ক্ষতি করে তাদের সঙ্গে যাবেন না। নিজেদের শক্ত হাতে সততার সঙ্গে সম্পদ রক্ষা করতে হবে। আমি, আমরা আপনাদের সঙ্গে আছি।
শুক্রবার বিকেলে জাদুকাটা পাশে বারেকটিলা সংলগ্ন বালুর মাঠে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠনের ধরিত্রি রক্ষায় আমরা (ধরা) ও বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় যাদুকাটা নদীতে ড্রেজার দিয়ে পাড় কাটা নিয়ে সুলতানা কামাল বলেন, যাদুকাটা নদী এ অঞ্চলের মানুষের জীবিকা উপার্জনের সুযোগ তৈরি করে দেয়। এ নদী ঘিরে অপার সম্ভাবনা রয়েছে। কাজেই আপনাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা প্রথমেই বলবেন- এ জায়গার কোনো ক্ষতি করতে দেয়া যাবে না।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এ উপদেষ্টা আরও বলেন, প্রকৃতির যা কিছু আছে, যত সম্পদ আছে সব কিছুর মালিক জনগণ। সরকারের কাছে তা আমানত হিসেবে রাখা হয়েছে, যেন তা সমানভাবে বণ্টন করে দেয়া হয়। তবে লুটেরাদের হাত অনেক লম্বা। তারা পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবে, হয়রানি করবে, এটা সব জায়গায় হচ্ছে। তারা যে কোনো সময় উঠিয়ে নিতে পারবে সরকারের যে কোনো বাহিনী দিয়ে। আমরা জানি, কিছু কিছু জায়গায় ক্ষমতার ব্যাপার আছে, সেখানে তারা আমাদের চেয়েও শক্তিশলী। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বুঝিয়ে দিতে হবে- তাদের প্রতিহত করার শক্তিটা আছে আমাদের।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ধরার আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফ জামিলসহ প্রমুখ।
