ছবি সংগৃহীত
আলো ডেস্ক
সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ঈমানের সঙ্গে, বিবেকের সঙ্গে আমরা কাজ করেছি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটরিয়ামে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সামনে উপজেলা ও কুমিল্লা সিটি নির্বাচনের প্রসঙ্গ টেনে এ কমিশনার বলেন, আমরা যে স্ট্যান্ডার্ডে পৌঁছেছি, সেই স্ট্যান্ডার্ড থেকে নামতে পারবো না। ইমপ্রুভমেন্ট থাকবে আনলিমিটেড। স্কাই ইজ দ্য লিমিট।
তিনি বলেন, আমরা দেখিয়ে দেবো কীভাবে এ কমিশন কাজ করে, যা ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার, অন্য কমিশনার ও ইসি সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
