ছবি সংগৃহীত
আলো ডেস্ক
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সিলেট মহাসড়কের ঘাশিরদিয়া (পুকুরপাড়) এলাকায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত ‘দৃপ্ত শপথ’ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ ছাড়া শিবপুর মডেল থানা, বেলাব থানা, রায়পুরা থানা ও উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান রাসেল। পুষ্পস্তবক অর্পণ শেষে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
২০১১ সালের ১৫ জানুয়ারি জেলা পুলিশ লাইনসে বেলাব থানা থেকে আসছিল। পথে ঘাশিরদিয়া (পুকুরপাড়) নামক স্থানে ট্রাকের সঙ্গে পুলিশ পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ১০ পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মধ্যে ছিলেন, বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক খান (৪০), এসআই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ (৪০), কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬)।
