ছবি সংগৃহীত
আলো ডেস্ক
কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী হাসানুল হক ইনু বলেছেন, আমি জনগণের ভোটে নয়, কারচুপির ভোটে পরাজিত হয়েছি। আশা করি, এটা সবাই তদন্ত করে দেখবেন এবং এর প্রতিকার ও সমাধান করবেন।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদের কার্যালয়ে ভোট পরবর্তী দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।
১৪ দলীয় মহাজোট প্রসঙ্গে ইনু বলেন, নির্বাচনী ঘটনা নিয়ে জোটে কোনো রাজনৈতিক প্রভাব পড়বে না। তবে নির্বাচন নিয়ে জোটের শরিকদের মধ্যে যে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা অবশ্যই নিষ্পত্তি করতে হবে। সেই সঙ্গে জোটের প্রার্থীর এলাকায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর গুন্ডাবাহিনীর যে আক্রমণ, হুমকি-ধামকি, অত্যাচার শুরু হয়েছে- এটা অবশ্যই বন্ধ করতে হবে। তা না হলে জোটের মধ্যে সুষ্ঠু পরিবেশ থাকবে না।
এসময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
