ছবি সংগৃহীত
আলো ডেস্ক
নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে ৯টি মোবাইল ফোনসেট ও ১৬টি মোবাইল সিমসহ অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহজালাল শেখ (২৭) ও মো. শাহজামান শেখ (২৩) যাদবপুর গ্রামের আ: কুদ্দুস শেখের ছেলে।
মঙ্গলবার ভোরে তাদেরকে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে পুলিশ সুপার মো. মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম , নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেসবুক পেজে ১ হাজার ৫৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার কম্বল বিক্রি ও অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে।
রেজওয়ান সিদ্দিক ইমরান (৩২) নামে এক ব্যক্তি ফেসবুক পেজে কম্বলের বিজ্ঞাপন দেখে দুটি কম্বল কেনার জন্য অর্ডার দেন। প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরি করে ভুক্তভোগী রেজওয়ান সিদ্দিক ইমরানের কাছ থেকে নগদ একাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯ শত টাকা হাতিয়ে নেয়।পরবর্তীতে প্রতারক চক্র ভুক্তভোগীর কম্বল সরবরাহ করে নাই এবং মোবাইল ফোনও রিসিভ করেনি।
ওই ভূক্তভোগী নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুইজনের নামে ২০১৮ সালে ঢাকার কোতয়ালী থাকায় এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা আছে বলেও পুলিশ সুপার জানান।
