ছবি সংগৃহীত
আলো ডেস্ক
নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে বেসরকারি নির্বাচনী ফলাফলে ৪টিতে নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারীভাবে বিজয়ী হয়েছে। একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। নেত্রকোনা-১,২,৪ ও ৫ আসনে নৌকার প্রার্থীরা বিজয়ী হন। এছাড়া নেত্রকোনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
রবিবার (৭ জানুয়ারী) সাড়ে নয়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমূখ।
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ১২৪টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মোশতাক আহমেদ রুহী নৌকা প্রতিক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট। শতকরা ভোট পেয়েছেন ৮৪.৭৭ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ওরফে ঝুমা তালুকদার (ট্রাক) পেয়েছেন ২৫ হাজার ২১৯ ভোট।
নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনে ১৭২টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু নৌকা প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৫৩ ভোট। শতকরা ভোট পেয়েছেন ৫৪.০২ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় (ঈগল) পেয়েছেন ৮৬ হাজার ২৮৭ ভোট।
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের ১৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৯টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৬ হাজার ৮০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত অসীম কুমার উকিল নৌকা প্রতিকে পেয়েছেন পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট।
নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের ১৪৭ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত সাজ্জাদুল হাসান নৌকা প্রতিকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৮ ভোট। শতকরা ভোট পেয়েছেন ৯৫.৮৭ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লিয়াকত আলী খান (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ৭৫৯ ভোট।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ৮১টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত আহমদ হোসেন নৌকা প্রতীকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। শতকরা ভোট পেয়েছেন ৬৯.২৪ শতাংশ। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৬৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজহারুল ইসলাম সোহেল পেয়েছেন ২৭ হাজার ২১৪ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।
