ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস বলেছেন, ফিলিস্তিনের গাজায় শুরু হওয়া ভয়াবহ যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। এই ভূখণ্ডে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে, যাদের বেশির ভাগ নারী ও শিশু। শনিবার (৬ জানুয়ারি) এ খবর জানিয়েছে আলজাজিরা।
মার্টিন গ্রিফিথস বলেন, গত ৭ অক্টোবরের ভয়াবহ হামলার তিন মাস পর গাজা এখন ‘মৃত্যু ও হতাশার’ জায়গায় পরিণত হয়েছে। এখানে হাজার হাজার নারী ও শিশু নিহত ও আহত হয়েছে। পরিবারগুলো খোলা জায়গায় ঘুমাচ্ছে।
জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে জানিয়ে সেক্রেটারি জেনারেল বলেন, এই বিশৃঙ্খলার মধ্যে প্রতিদিন প্রায় ১৮০ ফিলিস্তিনি নারী সন্তান জন্ম দিচ্ছেন। মানুষ মারাত্মকভাবে খাদ্যঘাটতির মুখোমুখি হচ্ছে। দুর্ভিক্ষের দেখা দিয়েছে। বিশ্ব দেখছে, গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এখানকার লোকেরা তাদের অস্তিত্ব নিয়ে প্রতিদিন হুমকি প্রত্যক্ষ করছে।
উল্লেখ্য, সর্বশেষ শুক্রবার (৫ জানুয়ারি) রাতে গাজার খান ইউনিস ও দেইর এল-বালাহতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৫ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এরপর তারা গাজায় নির্বিচার বোমা হামলা শুরু করে। ২৮ অক্টোবর গাজায় প্রবেশ করে ইসরায়েলের স্থল বাহিনী। বোমা হামলা ও স্থল বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত ২২ হাজার ৬০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬০ হাজার মানুষ।
