ছবি: সংগৃহীত
আলো ডেস্ক
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই অগ্নিসহিংসতা যারা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
শুক্রবার রাতে আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আইনমন্ত্রী বলেন, এই অগ্নিসন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এই মর্মান্তিক ঘটনায় আইনমন্ত্রী এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড ম্যানটেনেন্স) লেফটেন্যান্ট কনেল মো. তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
