ছবি সংগৃহীত
আলো ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের জন্য লিফলেট বিতরণের সময় চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ (৫৭) দশ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বড়তাকিয়া বাজার থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃত অন্যরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি আলা উদ্দিন (৪৫), মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোমিনুল ইসলাম (৩১), চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ দিনাজ (৩৬), উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু (২৭), ফজলুল করিম (২৮), ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শরিফ মাহমুদ (২৮), চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন (২০) এবং বিএনপি কর্মী অলি উল্লাহ (৪৫) ও সাহেদ (২০)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে উপজেলার বড়তাকিয়া বাজারে নির্বাচন বানচাল করতে লিফলেট বিতরণ, মিছিল ও গাড়ি চলাচলে বাধা দেয়ার সময় উপজেলা বিএনপির আহ্বায়কসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় নির্বাচন বিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে। আটক কয়েকজনের বিরুদ্ধে থানায় পূর্বের মামলা রয়েছে। আটকের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
