স্পোর্টশ ডেস্ক
অস্ট্রেলিয়ার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে সাদা পোশাক তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সিডনি টেস্টে লাল বলের খেলাকে বিদায় বলবেন তিনি। এবার নতুন বছরের প্রথম দিনেই আরো এক ঘোষণা দিলেন তিনি। এবার রঙিন পোশাকও তুলে রাখছেন এই ব্যাটার। ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরে যাচ্ছেন তিনি। ভারতের মাটতে বিশ্বকাপের ফাইনালই তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে।
সোমবার (১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ওয়ার্নার ওয়ানডে থেকে বিদায় নেয়ার কথা নিশ্চিত করেন, ‘আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব। আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে।’
এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেব্রুয়ারিতে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ওয়ার্নার। এরপর থেকে গুঞ্জন শুরু হয়েছিল তাকে নিয়ে। বলা হচ্ছিল, নিজেকে কেবল টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে দেখতে চান ৩৭ বছর বয়েসী ওয়ার্নার। অবশেষে সেই গুঞ্জন সত্য হল।
এদিন অস্ট্রেলিয়ান এই ওপেনার, নিশ্চিত করেছেন সেই গুঞ্জনও। জানিয়েছেন, ওয়ানডেকে বিদায় বললেও তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। সেইসাথে, বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলবেন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটও।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ার্নারের। এরপর টানা ১৫ বছর অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করেছেন তিনি। জিতেছেন ২০১৫ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। একদিনের ক্রিকেটে ১৬১ ম্যাচ খেলে ৩৩ অর্ধশতক ও ২২ শতকে ওয়ার্নারের রান ৬ হাজার ৯৩২।
