ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক
বিশ্ব চলচ্চিত্রে দ্বিতীয় বড় ইন্ডাস্ট্রি বলিউড। বছরজুড়ে এ ইন্ডাস্ট্রি থেকে বড়পর্দায় মুক্তি পেয়েছে দেড় শতাধিক সিনেমা। যার মধ্যে অনেক সিনেমাই বক্স অফিস কাঁপিয়েছে। তবে চলতি বছরটা ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের ম্যাজিকাল কামব্যাকের। তিন সিনেমা দিয়ে বাজিমাত করেছেন তিনি। তার হাত ধরেই তামিল-তেলুগু সিনেমার প্রভাব কাটিয়ে আবারও বলিউড তার সুবাস ছড়াতে পেরেছে অনেক দিন পর।
দেখে নেওয়া যাক চলতি বছরে সর্বোচ্চ আয় করা সেরা পাঁচ ভারতীয় সিনেমার তালিকা:
জাওয়ান
বলিউড বাদশাহ শাহরুখ খান এ বছরে যেন বসন্ত নামিয়েছেন। দুর্দান্ত একটি বছর কেটেছে তার। দীর্ঘদিন পর বক্স অফিসে দাপট দেখালেন তিনি। গড়লেন ইতিহাস। এ বছর বলিউডে আয়ের দিক থেকে শীর্ষ পাঁচ সিনেমার মধ্যে রয়েছে তার দুটি। তার মধ্যে সর্বোচ্চ আয়ের শীর্ষে আছে ‘জাওয়ান’। ৭ সেপ্টেম্বর ৫ হাজারের বেশি প্রেক্ষাগৃহে হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পায় প্যান ইন্ডিয়ান এ সিনেমাটি।
অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপি। বক্স অফিস থেকে আয় করেছে ১ হাজার ১৫২ কোটি রুপি। এ ছাড়া গান, ট্রেলারসহ নানা পথে আয় তো ছিলই। এ বছর আয়ের দিক থেকে বলিউডে এটাই সর্বোচ্চ। এ সিনেমা দিয়ে প্রথমবার শাহরুখের বিপরীতে অভিনয় করেন দক্ষিণের তারকা অভিনেত্রী নয়নতারা। ছিলেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তের মতো তারকারাও।
পাঠান
চার বছর পর বড়পর্দায় ফিরে কিংখান যেন সুপারম্যানের মতো উড়তে শুরু করেছিলেন ‘পাঠান’ সিনেমা দিয়ে। চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া পাঠান এখন বি-টাউনের ইতিহাসের একটি অংশ। এ বছরের আয়ের দিক থেকে সিনেমাটি রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ২৫০ কোটি রুপি। বক্স অফিস থেকে আয় করেছে ১ হাজার ৫০ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চমক নিয়ে ছিলেন জন আব্রাহাম, সালমান খানেরাও।
অ্যানিমেল
বলিউড অভিনেতা রণবীর কাপুর বছরের শেষটি নিজের করে নিলেন ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে। ডিসেম্বরের প্রথম দিনেই মুক্তি পায় তার বহুলপ্রতীক্ষিত সিনেমাটি। সন্দীপ রেড্ডি পরিচালিত এ সিনেমা দর্শককে মুগ্ধ করে বক্স অফিসে বছরের সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫০ কোটি রুপি। এক মাস পার না হতেই ঘরে তুলেছে ৮৭১ কোটি রুপি। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা। আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওলসহ অনেকে।
গদর ২
বছরটি অভিনেতা সানি দেওলের জন্য দুর্দান্ত ছিল। অ্যাকশন, ড্রামা ও অ্যাডেভেঞ্চার ধাঁচের গল্পে নির্মিত ‘গদর ২’ সিনেমা দিয়ে বক্স অফিসে অসাধারণ সফলতা দেখিয়েছেন তিনি। মাত্র ৮৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে নিয়েছে ৬৮৮ কোটি রুপি; যা সানি দেওলের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা। গদর ২ নির্মাণ করেছেন অনিল শর্মা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। সিনেমাটি মুক্তি পায় এ বছরের ১১ আগস্ট।
লিও
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তার অভিনীত নতুন সিনেমা ‘লিও’ এ বছরের ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করে নেয় সিনেমাটি। তবে সময় গড়াতেই সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
তবু আয়ের দিক থেকে লিওর অবস্থান সর্বভারতীয় সিনেমার তালিকায় পঞ্চম। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ২৯৮ কোটি রুপি। বক্স অফিস থেকে আয় করেছে ৬১৯ কোটি রুপি। এ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি লিও।
